কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু একই ঘটনায় আহত আরও ২জন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার কচাকাটা এলাকার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষক রিয়াজুল ইসলাম (৩৮) ওই গ্রামের কেরামত আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি নিজের জমিতে ধান কাটতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠেই বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের কিশোর বায়েজিদ (১৫) এবং ঘরের ভেতরে থাকা গৃহবধু ইসমেতারা বজ্রাঘাতে আহত হন। তাদেরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।