নীলফামারীতে বিএনপি নেতা রেজাউল হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিএনপি নেতা রেজাউল করিম হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।গ্রেপ্তারকৃতরা হলেন দোলাপাড়া এলাকার মিষ্টু মিয়া (৫২) ও তার ছেলে আদম আলী (২৮)। নিহত রেজাউল করিম স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১ জুন আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গেলে রেজাউল করিম ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন।