প্রধানমন্ত্রীকে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট! এনসিপি নেতাকে আটক করে পুলিশ
ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।শনিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।আনোয়ার হোসেন সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে।পরে রবিবার দুপুরে যুবদল নেতা রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আনোয়ারসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।মামলায় অভিযোগ করা হয়, ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে পায়ের নিচে রেখে ছবি প্রকাশ করার অভিযোগও আনা হয়েছে।অভিযোগ অনুযায়ী, এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে বিষয়টি জানতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বাদীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।মামলার এজাহারে আনোয়ারের ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপু সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে যুবদল নেতা রুহুল আমিন মিঝি অভিযোগ করে বলেন, “প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়া হয়।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে।