গোপালগঞ্জ–টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের বহু স্থানে পিচ ও অ্যাসফল্ট উঠে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন হাজারো যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং পণ্যবাহী যানবাহন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছে।স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ বোঝা কঠিন হয়ে পড়ে। এতে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।এদিকে, সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও মৎস্য খামার গড়ে তোলার প্রবণতাও নতুন করে ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ রয়েছে, অনেক স্থানে সড়কের একেবারে পাশ থেকে মাটি কেটে জলাশয় তৈরি করায় সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি সড়কের সংরক্ষিত এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণও সড়কের দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য হুমকি হয়ে উঠছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবহেলা, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং কার্যকর সংস্কার না হওয়ায় সড়কটির বর্তমান বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, অবৈধ পুকুর খনন বন্ধ, সড়ক সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির দাবি জানান। এলাকাবাসীর মতে, গোপালগঞ্জ–টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক দক্ষিণাঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সংস্কার ও সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।