গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫
ঈদের দিন সকালে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৮ মে) জেলার বেতগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।