শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার গ্রহণের হার বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, ঢাকা এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সুবিধা গ্রহণের হার তুলনামূলকভাবে বেশি, সেসব দেশের ক্ষেত্রে অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর আর্থিক চাপ কমানোই মূল লক্ষ্য।তবে দূতাবাস স্পষ্ট করে জানায়, এই সিদ্ধান্ত শুধু ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়িক ভিসা—অর্থাৎ নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না।তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে নেওয়া একটি নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণের হার বিশ্লেষণ করে ৭৫টি দেশকে এই তালিকায় রাখা হয়।প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮ শতাংশ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে, যা তালিকায় বাংলাদেশের অবস্থানকে ১৯তম স্থানে নিয়ে গেছে।এছাড়া দক্ষিণ এশিয়ার পাকিস্তান, নেপাল, আফগানিস্তান এবং ভুটান-ও এই তালিকায় রয়েছে।মার্কিন অভিবাসন নীতি অনুযায়ী, যেসব দেশের অভিবাসীরা বেশি মাত্রায় সরকারি সহায়তার ওপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে প্রবেশ সীমিত করার ক্ষমতা প্রশাসনের রয়েছে। এর মাধ্যমে স্বনির্ভর অভিবাসন ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্তের ফলে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও শিক্ষার্থী ও ভ্রমণ ভিসা আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের