বিশ্বমঞ্চে মাধবপুরের গর্ব: জাতিসংঘে আফগানিস্তান মিশনের প্রধান হলেন রাব ফাতিমা
আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান রাবাব ফাতিমা। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেন।মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির এই কৃতী ব্যক্তিত্ব ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কূটনীতি, শান্তিরক্ষা, মানবিক সহায়তা এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া জাপান, চীন, ভারত এবং জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং নারী ক্ষমতায়নের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। পরবর্তীতে তিনি জাতিসংঘের উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত দপ্তরের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।নতুন দায়িত্বে রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম, শান্তি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেবেন। কূটনৈতিক মহলে এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।তার এই আন্তর্জাতিক অর্জনে মাধবপুরসহ পুরো হবিগঞ্জ জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু মাধবপুর বা হবিগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের একটি অর্জন।মাধবপুর উপজেলা বিএনপি নেতা ও রাবাব ফাতিমার চাচাতো ভাই সুমন চৌধুরী বলেন, আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। মাধবপুরের সন্তান বিশ্বমঞ্চে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।স্থানীয়দের বিশ্বাস, রাবাব ফাতিমার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে আরও অনুপ্রাণিত করবে।