সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ, সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রেক্ষাপটে হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।সোমবার সকাল ১০টায় মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তা পয়েন্ট (মদনপুর) ও কাঠইর সড়ক চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।সমাবেশে বক্তব্য দেন মেডিকেল কলেজের সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ ও সুরাইয়া আক্তার স্মৃতি। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে স্থানীয় বিশিষ্টজনরাও বক্তব্য রাখেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতালের কার্যক্রম ও প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ সুষ্ঠুভাবে পরিচালিত না হওয়ায় তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে হাসপাতাল চালু এবং নিয়মিত একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়নে আগামী বুধবার সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।