স্পার্ক ইউথ ফর চেঞ্জের উদ্যোগে চাঁনপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
সামাজিক ও মানবিক সংগঠন স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্পার্ক হেল্থ ক্যাম্পেইন শীর্ষক দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এ ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য ব্লাড গ্রুপ নির্ণয় (সার্টিফিকেটসহ), ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে ব্যাপক সাড়া ফেলে মোট ২৩৪ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো: মাজহারুজ্জামান খাঁন ও ডা. এমরান নাযির মারুফ, যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতকের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারি) হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমানে কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করে বলেন, গ্রামীণ সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে নোয়ারাই ইউনিয়নের অন্যান্য এলাকাতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।এটি তাদের প্রথম বৃহৎ জনসেবামূলক আয়োজন হলেও স্থানীয়দের ব্যাপক সাড়া ও সহযোগিতা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, মেডিকেল টিম এবং সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।