সুনামগঞ্জের গর্ব হাসাউড়ার আনারস, জিআই তালিকাভুক্তির জোর দাবি
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী হাসাউড়ার আনারসকে জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) পণ্যের তালিকাভুক্ত করার দাবি উঠেছে সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে। বক্তারা বলেন, রসালো ও সুস্বাদু হওয়ায় হাসাউড়ার আনারস জেলার সীমানা পেরিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। এর উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।রোববার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়িতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে এসব কথা বলা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদীর আহমদ, মোমতাজুল হাসান আবেদ, কবি মুনমুন চৌধুরী, অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, কানিজ সুলতানা, অ্যাডভোকেট খলিল রহমান ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সুনামগঞ্জ এখনও অনেক পিছিয়ে রয়েছে। জেলার উন্নয়নের পথে থাকা সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা, মাদকের বিস্তার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ‘হাসাউড়ার আনারস’কে জিআই পণ্যের তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।এ সময় কবি সুখেন্দু সেন, কুমার সৌরভ, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরীসহ জেলার বিশিষ্টজন এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।