বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

খানসামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ২৩ হাজার শিশুকে ক্যাপসুল

দিনাজপুরের খানসামা উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত হালদার।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নির্ধারিত দিনে সকল অভিভাবককে সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।সভায় জানানো হয়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার ১৪৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫৫৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৬৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এ সময় শিশুদের খাদ্যতালিকায় শাকসবজি, গাজর, কুমড়া, পাকা আম, পেঁপে, ডিম, দুধ, কলিজা ও মাছসহ ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার নিয়মিত অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

খানসামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ২৩ হাজার শিশুকে ক্যাপসুল