১০ বছর পর ফিরছে ‘বাহুবলি’, নেটফ্লিক্সে আসছে অজানা গল্প
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলি’ এবার ফিরছে নতুন আঙ্গিকে। তবে এটি কোনো নতুন সিনেমা নয়; দর্শকরা এবার দেখতে পাবেন ‘বাহুবলি’র নির্মাণের অজানা গল্প এবং পর্দার পেছনের রোমাঞ্চকর যাত্রা।২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ ডকুমেন্টারি সিরিজ ‘বাহুবলি: দ্য টর্চবেয়ারার’, যেখানে তুলে ধরা হবে মাহিশমতী সাম্রাজ্য সৃষ্টির নেপথ্য কাহিনি।প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা জানিয়েছেন, ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবেই এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে। সিরিজটিতে দেখানো হবে কীভাবে কল্পনার এক বিশাল সাম্রাজ্যকে বাস্তব রূপ দেওয়া হয়েছিল এবং সেই যাত্রায় কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে নির্মাতাদের।এতে অংশ নিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি, অভিনেতা প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেট্টি ও তামান্না ভাটিয়াসহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কলাকুশলীরা। তারা শেয়ার করবেন শুটিংয়ের স্মরণীয় অভিজ্ঞতা, সাফল্যের গল্প এবং ‘বাহুবলি’ তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে কী প্রভাব ফেলেছে।‘বাহুবলি’ শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক নতুন যুগের সূচনা করেছিল। সিনেমার জনপ্রিয়তার ধারাবাহিকতায় এর ওপর ভিত্তি করে অ্যানিমেটেড সিরিজ, গ্রাফিক নভেল এবং একাধিক ইংরেজি উপন্যাসও প্রকাশিত হয়েছে।ডকুমেন্টারি সিরিজ ‘বাহুবলি: দ্য টর্চবেয়ারার’ আগামী ২৬ জুন বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে। মাহিশমতীর অজানা রহস্য ও প্রিয় তারকাদের ক্যামেরার পেছনের গল্প জানতে ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ উপহার।