২০২৬ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোয় বেস ক্যাম্প সরাল ইরান
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে বেস ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও এখন তা পরিবর্তন করে মেক্সিকোর তিহুয়ানায় অবস্থান করবে দলটি।ইরান জাতীয় ফুটবল দল জানিয়েছে, রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা এবং ভিসা জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই বেস ক্যাম্প পরিবর্তন করা হয়েছে। তার দাবি, বিশ্বকাপ আয়োজক ও ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং অনলাইন আলোচনার পর এই অনুমোদন আসে।ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও ইরান পক্ষ বলছে, নতুন অবস্থান থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত তুলনামূলক সহজ হবে এবং প্রশাসনিক জটিলতাও কমবে।তিহুয়ানা যুক্তরাষ্ট্রের সীমান্তঘেঁষা শহর, যা সান ডিয়েগোর কাছাকাছি অবস্থিত। ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে, তবে দলটি থাকবে মেক্সিকোতেই।২০২৬ ফিফা বিশ্বকাপ এ ইরান ‘জি’ গ্রুপে খেলবে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, এটি শুধু কৌশলগত প্রস্তুতি নয়, বরং মাঠের বাইরের রাজনৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।