আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা ‘প্রশান্তিময় কুরআন-২৬’ শুরু
কুরআনের হিফজ চর্চাকে উৎসাহিত করা এবং কুরআনভিত্তিক কার্যক্রম বিস্তারের লক্ষ্যে আহবাবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক ‘হাদিউল কুরআন’ ও চতুর্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘প্রশান্তিময় কুরআন-২৬’ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর পল্টনের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম, প্রতিনিধি, স্পন্সর, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবাবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মুফতি সুলতান মাহমুদুর রহমান। তিনি বিগত বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট আয়োজক, স্বেচ্ছাসেবক ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এবারের প্রতিযোগিতা আরও সুন্দরভাবে আয়োজনের প্রত্যয় জানান।ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ প্রতিষ্ঠানের কার্যক্রম, আগের অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আশীকুল ইসলাম জানান, দেশব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত সেরা ১৫ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতাটি ১০, ২০ ও ৩০ পারা এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের মূল্যায়নে নির্ধারিত শিক্ষা কাঠামো ও বিচারব্যবস্থা অনুসরণ করা হবে।অনুষ্ঠানে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা রহমাতুল্লাহ বাজেট, স্পন্সরশিপ ও আর্থিক ব্যবস্থাপনার বিষয় তুলে ধরেন। সহশিক্ষা সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম প্রতিযোগিতার নিয়ম ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রশান্তিময় কুরআন-২০২৬’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অতিথিরা যৌথভাবে এর উদ্বোধন করেন।শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিযোগিতার সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, আগামীতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে চূড়ান্ত পর্বের মাধ্যমে সেরা হাফেজদের নির্বাচন করে পুরস্কৃত করা হবে।