হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় কাঁপছে ইসরায়েল
লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল ও বিমান অভিযান জোরদারের পর ইসরায়েল এবার হিজবুল্লাহর ব্যাপক রকেট ও ড্রোন হামলার মুখে পড়েছে। পাল্টা এই হামলার তীব্রতা ও কৌশলগত পরিবর্তনে ইসরায়েলি সামরিক বাহিনী বিস্মিত হয়েছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, লিতানি নদীর উত্তরাঞ্চল পর্যন্ত স্থল অভিযান সম্প্রসারণের পর হিজবুল্লাহ যেভাবে হামলার ধরন পরিবর্তন করেছে, তা ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে ছিল।হিজবুল্লাহ এই সপ্তাহে ইসরায়েলের হাইফা, নাহারিয়া, আক্রে, সাফেদ ও কিরিয়াত শমোনা এলাকায় একাধিক রকেট হামলা চালায়। পাশাপাশি দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও ড্রোন হামলা করা হয়।বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একদিনেই লেবানন থেকে ২৫টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে উত্তর ইসরায়েলে একাধিকবার সতর্কসংকেত বেজে ওঠে এবং সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়।পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। একই সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান আরও বিস্তৃত করেছে এবং লিতানি নদীর গভীরে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে। বিমান হামলায় নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, দিব্বিনসহ একাধিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে।লেবাননের স্বাস্থ্য ও স্থানীয় সূত্র অনুযায়ী, সাম্প্রতিক হামলায় অন্তত কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
উভয় পক্ষই একে অপরকে দায়ী করে নিজেদের অবস্থানকে প্রতিরক্ষামূলক হিসেবে তুলে ধরছে। ফলে সীমান্ত পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।