হাসনাতের আমন্ত্রণে সংসদে ১৫৩ শিক্ষার্থী, উচ্ছ্বাসে মুখর দিন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছে তার নির্বাচনি এলাকার ১৫৩ জন কৃতী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক।‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় সোমবার (৮ জুন) শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার পাশাপাশি সরাসরি সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পায়। শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং নেতৃত্ব বিকাশে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।পরিদর্শনের সময় শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে এবং গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল।শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, তোমাদের জানার জন্যই এখানে আনা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়, তা জানা প্রয়োজন। শুধু নির্দিষ্ট পরিবারের মানুষ নয়, জনগণের জন্য কাজ করা যে কেউ একদিন এই সংসদে আসতে পারে।তিনি আরও বলেন, আজ তোমরা দর্শক হিসেবে সংসদ অধিবেশন দেখছ। ভবিষ্যতে নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাও সংসদ সদস্য হিসেবে এখানে বসতে পারবে। দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে হবে।জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের মতে, এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে।