সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন, উত্থাপন ১০ দফা দাবি
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে নাগরিক সমাবেশ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ এবং এসভিডিএস-এর যৌথ উদ্যোগে, সহযোগী সংস্থা এএলআরডি’র সহায়তায় এ আয়োজন করা হয়।হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও এসভিডিএসের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।সমাবেশে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, শাহ কামাল, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন, আকিক মিয়া, ফজলে রাব্বি, সমাজসেবক মনসুর আলম, নুরুল হাসান আতাহার, সুরঞ্জিত গুপ্ত রঞ্জনু, দ্বিপাল ভট্টাচার্য, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমানসহ অন্যান্যরা।বক্তারা বলেন, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের স্মরণে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন শুরু হয়।তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘনঘন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের পরিবেশ, অর্থনীতি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।আলোচনা শেষে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন নাগরিক সংলাপ থেকে ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে নদী দখল ও দূষণমুক্তকরণ, বন উজাড় বন্ধ, হাওর ও জলাভূমি সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীল কৃষি, জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন এলাকার পরিবেশ সুরক্ষা এবং হাওর পর্যটনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।