বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

রাস্তা বন্ধে ভোগান্তি ২০ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ চান বাসিন্দারা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় প্রায় ২০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জটিলতার কারণে সড়কের সংযোগ অংশের কাজ শেষ না হওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, মধুমতি নদীর তীরবর্তী মোল্লাহাট-পাটগাতী পানি উন্নয়ন বোর্ডের সড়কের অধিকাংশ অংশ নির্মিত হলেও একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। এলাকাবাসীর দাবি, চর গওহরডাঙ্গার একটি ইটভাটা ও জুটমিলকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণেই প্রকল্পটি শেষ করা সম্ভব হয়নি।ভুক্তভোগীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা ইটভাটার অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে চলাচল করতেন। তবে সম্প্রতি নির্দিষ্ট সময়ের পর ওই পথের গেট বন্ধ রাখা হচ্ছে। ফলে দিনমজুর, ভ্যানচালক ও সাধারণ বাসিন্দাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে বাধ্য হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রাতের বেলায় বাইরে যাওয়া কিংবা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় ২০০ ফুট অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিকল্প পথ ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় অনেক পরিবার কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।বাসিন্দা খালেদা বেগম বলেন, পরিবারের সদস্যদের চলাচল এখন গেট খোলার সময়ের ওপর নির্ভরশীল। রাতের বেলায় কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন বাসিন্দা।তবে অভিযোগ অস্বীকার করেছে জুটমিল ও ইটভাটা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের প্রতিনিধি খালিদ হাসান জানান, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর গেট বন্ধ রাখা হয়। এলাকায় মাদকসেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে গেট খোলার জন্য নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করেন বলে দাবি তার।এদিকে, দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থানীয়রা দ্রুত সড়কের অসমাপ্ত অংশের নির্মাণকাজ সম্পন্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রাস্তা বন্ধে ভোগান্তি ২০ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ চান বাসিন্দারা