শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে মান নষ্ট হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও অযোগ্য ব্যক্তিদের অনুপ্রবেশের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার ১৬ মে সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে ভর্তি ও নিয়োগ নিশ্চিত না হলে কোনো প্রতিষ্ঠানই কাঙ্ক্ষিত মান ধরে রাখতে পারে না। রাজনৈতিক বিবেচনায় সুযোগ দেওয়ার সংস্কৃতি বন্ধ করার ওপর তিনি জোর দেন।তিনি আরও বলেন, শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং স্বাস্থ্যখাতে বরাদ্দের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা জরুরি। অতীতে অনিয়ম ও অপচয়ের কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী জানান, আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহনের পরিকল্পনা করছে। পাশাপাশি সরকারি-বেসরকারি হাসপাতালের সমন্বয়ে চুক্তিভিত্তিক চিকিৎসা সেবা চালুর কথাও তিনি তুলে ধরেন।তিনি আরও বলেন, দেশে দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্টের সংকট রয়েছে, যার কারণে আধুনিক চিকিৎসা সরঞ্জাম পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। এ সমস্যা সমাধানে মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক সংঘাত ও জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয়ের কারণে সরকারকে বড় অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল হতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে মান নষ্ট হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু