লাখাইয়ে রোগের প্রকোপে হাসপাতালে বেড সংকট
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা-এ হঠাৎ করে হাম, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে গেছে। ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তির চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বেড সংকট।উপজেলাটির ১৯৬.৫৬ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বসবাস করেন। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় বর্তমানে স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবারে ভর্তি রোগীর সংখ্যা ৬২ জনে পৌঁছায়। এর মধ্যে ৩১ জন শিশু রোগীর মধ্যে ১২ জন হাম উপসর্গে আক্রান্ত, বাকিরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছে। পাশাপাশি নারী-পুরুষ মিলে আরও ৩১ জন রোগী একই ধরনের চিকিৎসা নিচ্ছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং আগামীতে হাম রোগীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্নতার অভাবে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি হাম রোগও সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।তিনি জানান, হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান থাকলেও কিছু শিশু বাদ পড়ায় তাদের খুঁজে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি সতর্ক করেন।অতিরিক্ত গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।
চাপের কারণে হাসপাতালের বেড সংকট তীব্র আকার ধারণ করেছে এবং রোগীদের গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানা গেছে।