কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণভাবে মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যখাতে জনস্বার্থ বিবেচনায় কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।বাজেট বক্তৃতায় আরও জানানো হয়, ক্যানসার ও কিডনিসহ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।এছাড়া সরকারি হাসপাতালে শূন্যপদ পূরণে দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই নারী।প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং জিডিপির ১ শতাংশের বেশি।