খুলনায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, ক্রীড়া নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী
বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।শনিবার (৪ জুলাই) খুলনার রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে এ সুবিধার আওতায় আনা হবে। ফলে মোট ৫০০ জন খেলোয়াড় ক্রীড়া ভাতা পাবেন।তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে খেলার মাঠ সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম উপযুক্ত পরিবেশে খেলাধুলার সুযোগ পায়। পাশাপাশি খুলনা বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।প্রতিমন্ত্রী জানান, দেশের আটটি বিভাগ ও ১০টি অঞ্চলভিত্তিক আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এসব কেন্দ্রে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করা হবে।তিনি বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সুস্থ, দক্ষ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু এবং বিসিবির সাবেক পরিচালক খান জুলফিকার আলী জুলু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম।উল্লেখ্য, খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৫টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রূপসার শ্রীফলতলা ইউনিয়ন ও তেরখাদার মধুগ্রাম ইউনিয়ন।