স্কুলমাঠে আবার পশুর হাট, এমপিও স্থগিত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার আলোচিত দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আবারও বসেছে কোরবানির পশুর হাট। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রধান শিক্ষকের এমপিও স্থগিত থাকার পরও স্কুলমাঠে পশুর হাট বসানোকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।শুক্রবার (২২ মে) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠজুড়ে গরু-ছাগলের হাট বসেছে। পশুর খাদ্য ও বর্জ্যে নোংরা হয়ে পড়েছে পুরো পরিবেশ। অভিযোগ উঠেছে, ইজারাদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের যোগসাজশেই এক সপ্তাহ ধরে হাট পরিচালিত হচ্ছে।স্থানীয় শিক্ষকরা জানান, ঈদুল আজহা উপলক্ষে কয়েকটি অস্থায়ী পশুর হাট বসানোর কথা বলে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।ইজারাদার ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী সরদার বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হাট বসানো হয়েছে। বহু বছর ধরেই এখানে পশুর হাট হয়ে আসছে।এর আগে ২০২৪ সালে স্কুলমাঠে পশুর হাট বসানো এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের এমপিও স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই শাস্তি এখনো বহাল রয়েছে।তবে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, ঈদ উপলক্ষে অস্থায়ীভাবে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ দাবি করেছেন, জেলা প্রশাসনের মতামত চাওয়া হলেও এখনো কোনো অনুমোদন পাওয়া যায়নি। তিনি বলেন, স্কুলমাঠে হাট বসানোর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই।
এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো শিক্ষার পরিবেশের জন্য হুমকি এবং প্রশাসনের নীরবতা রহস্যজনক।