টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে হামলা, এলাকায় চাঞ্চল্য
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বের খেলাধুলা সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।আহত শিক্ষার্থী আরাফাত ইসলাম নয়ন (দশম শ্রেণি) বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।অভিযোগ অনুযায়ী, পূর্বের ফুটবল খেলা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে মারধরের পাশাপাশি তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বলে দাবি করেছেন তার বাবা খালিদ শেখ।অভিযুক্তদের মধ্যে রয়েছেন রোমান মুন্সী, ওসমান, কাদের, ফাহিম, শাওন ও রাকিবসহ কয়েকজন সাবেক শিক্ষার্থী।স্থানীয়রা আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।