সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

স্কুলের ২ লাখ অনুদানে ‘ভাগ’ চাওয়ার অভিযোগ, এনসিপি নেতাকে ঘিরে বিতর্ক

রাজধানীর ভাটারার নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকাজের জন্য বরাদ্দ হওয়া ২ লাখ টাকার অনুদান ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিদ্যালয়ের বরাদ্দ থেকে ‘অফিস খরচ’ বাবদ ১ লাখ টাকা দাবি এবং তা আদায়ে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।জানা গেছে, গত ২৮ জুন জেলা প্রশাসকের অনুমোদনে বিদ্যালয়ের সংস্কারের জন্য ২ লাখ টাকার চেক দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, চেক হস্তান্তরের পরই ওই অর্থের অর্ধেক ‘অফিস খরচ’ হিসেবে দাবি করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন সুলতানা রোববার (১২ জুলাই) ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ৬ জুলাই সহকারী শিক্ষকের কাছ থেকে ওমর ফারুকের প্রতিনিধি হিসেবে বাড্ডা থানা যুবশক্তির আহ্বায়ক হাসিবুল হাসান সাঈফ এক লাখ টাকার চেক গ্রহণ করেন। চেক দিতে দেরি হওয়ায় তাকে ফোনে গালিগালাজও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে প্রধান শিক্ষক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।অভিযোগ প্রসঙ্গে ওমর ফারুক দাবি করেন, এটি কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত অনুদান নয়; জেলা প্রশাসনের বরাদ্দ। তিনি বলেন, ‘এক লাখ টাকা নেওয়া বা চাপ দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’ পরে বিষয়টি সমাধান হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।অন্যদিকে, অভিযোগে নাম আসা হাসিবুল হাসান সাঈফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন সুলতানা জানিয়েছেন, টাকার বিষয়টি এখন সমাধান হয়েছে, তবে ঘটনার বিস্তারিত জানতে হলে সরাসরি বিদ্যালয়ে এসে কথা বলার অনুরোধ করেন তিনি।

স্কুলের ২ লাখ অনুদানে ‘ভাগ’ চাওয়ার অভিযোগ, এনসিপি নেতাকে ঘিরে বিতর্ক