রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

ওপেন হার্ট সার্জারির পর কফি বিক্রি, সোহেলের অনুপ্রেরণার গল্প

কুড়িগ্রাম শহরের সুলতানা সরোবরে বিকেলের আড্ডায় কফির কাপ হাতে অনেকেরই পরিচিত মুখ সোহেল। হাসিমুখে গ্রাহকদের কফি পরিবেশন করা এই তরুণের জীবনগল্পে উঠে এসেছে অভাব, ঋণের বোঝা এবং কঠিন শারীরিক লড়াইয়ের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়।সোহেলের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের শালমারা গ্রামে। জীবিকার সন্ধানে তিনি এখন কুড়িগ্রাম শহরে কফি বিক্রি করেন। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি ওপেন হার্ট সার্জারির মতো জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। পারিবারিক দায়িত্ব, চিকিৎসার ব্যয় এবং ঋণের চাপ সবকিছুর মাঝেও থেমে যাননি এই সংগ্রামী তরুণ।প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ এলাকায় এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা বা ১০টা পর্যন্ত সুলতানা সরোবর এলাকায় কফি বিক্রি করেন সোহেল। সীমিত আয়ের মধ্যেও তিনি পরিবারের ভরণ-পোষণ, চিকিৎসার খরচ এবং ঋণের কিস্তি পরিশোধের চেষ্টা করে যাচ্ছেন।নিয়মিত গ্রাহকদের ভাষ্য, সোহেলের তৈরি কফির স্বাদ যেমন ভালো, তেমনি তার আন্তরিক ব্যবহারও সবাইকে মুগ্ধ করে। যত্নসহকারে কফি পরিবেশন এবং বিনয়ী আচরণের কারণে অল্প সময়েই তিনি অনেকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে সোহেল বলেন, জীবনযুদ্ধে টিকে থাকার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।সোহেলের মতো পরিশ্রমী মানুষের পাশে নৈতিকভাবে দাঁড়ানো, তার কাছ থেকে এক কাপ কফি কিনে উৎসাহ দেওয়া কিংবা তার সংগ্রামের গল্প ছড়িয়ে দেওয়া এসবই হতে পারে তার এগিয়ে চলার অনুপ্রেরণা। কারণ তিনি শুধু কফি বিক্রি করছেন না, প্রতিদিন নিজের স্বপ্ন ও পরিবারের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছেন।

ওপেন হার্ট সার্জারির পর কফি বিক্রি, সোহেলের অনুপ্রেরণার গল্প