বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

সোনাতলায় টানা বৃষ্টিতে কর্মহীন হাজারো শ্রমজীবী, চরম বিপাকে চরাঞ্চলের মানুষ

বগুড়ার সোনাতলা উপজেলায় টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের বড় একটি অংশ কর্মহীন হয়ে পড়েছেন। আয় বন্ধ থাকায় অনেক পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেকানীচুকাইনগর ও পাকুল্যা ইউনিয়নের ৯টি চরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। টানা বৃষ্টিতে কৃষিকাজসহ শ্রমনির্ভর বিভিন্ন কাজ বন্ধ হয়ে যাওয়ায় দিনমজুরদের হাতে এখন পর্যাপ্ত কাজ নেই।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে। বাজারে সবজি, চাল, মাছ, তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের বাড়তি দামে ক্রেতাদের চাপ বেড়েছে।চরাঞ্চলের বাসিন্দারা জানান, বর্ষার সময় কাজের অভাবে আয় কমে গেছে। কিন্তু বাজার খরচ বেড়ে যাওয়ায় পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে।খাটিয়ামারী চরের বাসিন্দারা বলেন, “কাজ নেই, আয় নেই। অথচ প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলছে। পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে।”এদিকে বন্যাকবলিত এলাকার অনেক বাসিন্দার অভিযোগ, এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ায় তারা দুর্ভোগে রয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান, এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাওয়া যায়নি। যে পরিমাণ বরাদ্দ এসেছে, তা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।

সোনাতলায় টানা বৃষ্টিতে কর্মহীন হাজারো শ্রমজীবী, চরম বিপাকে চরাঞ্চলের মানুষ