আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা–পুলিশ মোতায়েন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে যশোর সেনানিবাস থেকে সন্ধ্যা ৭টার দিকে ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জে পৌঁছান।এছাড়া, সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে পুলিশ ৬ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে বলে জানা গেছে।আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের মিছিল, সমাবেশ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অবস্থান নিয়ে তল্লাশি ও নজরদারি চালাচ্ছেন। এতে জনজীবনে স্বস্তি থাকলেও যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কিছুটা কমে গেছে।জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানান, বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীগুলো সার্বক্ষণিকভাবে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।
সামগ্রিকভাবে জেলায় পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।