মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

ছাতকে শত কোটি টাকার দুই সেতুর অ্যাপ্রোচ সড়ক উঁচু করার দাবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রায় শত কোটি টাকার দুটি সেতুর সংযোগ সড়ক উঁচু ও প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) গোয়ালগাঁও–আমবাড়ি সড়কে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ছাতক–কোম্পানীগঞ্জ (গোয়ালগাঁও–আমবাড়ি) সেতু এবং নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক নিচু করে নির্মাণের প্রতিবাদ জানান। তারা দাবি করেন, দ্রুত এসব অ্যাপ্রোচ সড়ক উঁচু ও প্রশস্ত করতে হবে।স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কের কিছু অংশ সামান্য পানিবৃদ্ধিতেই তলিয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বা বন্যার সময় পানির উচ্চতা আরও বাড়লে পুরো সড়ক ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন দুটি সেতু কার্যত অকার্যকর হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।বক্তারা আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত এ প্রকল্পগুলোর সুফল নিশ্চিত করতে হলে অ্যাপ্রোচ সড়কের প্রাক্কলন সংশোধন করে অন্তত দুই মিটার উচ্চতা বৃদ্ধি ও প্রশস্তকরণ জরুরি। একই সঙ্গে নির্মাণ কাজে নিম্নমানের পাথর ব্যবহার বন্ধ করে মানসম্মত উপকরণ ব্যবহারের দাবি জানান তারা।মানববন্ধন থেকে স্থানীয় সরকার মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।এ সময় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, সাংবাদিক নাজমুল হাসান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।স্থানীয়রা বলেন, পরিকল্পনাগত ত্রুটি থাকলে বড় উন্নয়ন প্রকল্পও জনগণের কাজে আসে না। তাই অবিলম্বে সড়কের উচ্চতা বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিত করার দাবি জানান তারা।

ছাতকে শত কোটি টাকার দুই সেতুর অ্যাপ্রোচ সড়ক উঁচু করার দাবি