সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা ২০২৬ প্রস্তুতি সভা, ১৫ হাজারের বেশি পরীক্ষার্থী
সুনামগঞ্জ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিনহাজুর রহমান।সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। তিনি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন ও নির্দেশনা তুলে ধরেন।সভায় জানানো হয়, এ বছর সুনামগঞ্জ জেলায় মোট ১৫ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১৩ হাজার ৬৮৮ জন, আলিমে ৯৫৩ জন, বিএম/বিএমটিতে ২৪২ জন এবং ভোকেশনালে ৭০০ জন।জেলায় মোট ৩১টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এইচএসসির জন্য ২২টি, আলিমের জন্য ৬টি, বিএম/বিএমটির জন্য ১টি এবং ভোকেশনালের জন্য ২টি কেন্দ্র রয়েছে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, এসএসসি ও এইচএসসি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রশ্নপত্র পরিবহন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনোভাবেই নকলের সুযোগ দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।