শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

সিলেটে কিশোরীকে তুলে নিতে গিয়ে বাধা: দাদিকে খুন, নাতনি আহত

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে কিশোরীকে ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা দেওয়ায় এক দাদি খুন হয়েছেন। এ ঘটনায় কিশোরী ও তার মা আহত হয়েছেন।শুক্রবার ১৫ মে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিনজন দুর্বৃত্ত রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৪ বছর বয়সী কিশোরী হাবিবা আক্তারকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে মা ও দাদি এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ চালায়।এ সময় দুর্বৃত্তরা কিশোরীর মাকে কামড়ে জখম করে এবং দাদি দিলারা বেগমকে দরজার সামনে দাঁড়ালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কিশোরীকেও আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।আহত কিশোরীকে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেটে কিশোরীকে তুলে নিতে গিয়ে বাধা: দাদিকে খুন, নাতনি আহত