বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে নতুন সিনেমার মহোৎসব

আর মাত্র কয়েক ঘণ্টা। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আবারও জমে উঠছে দেশের প্রেক্ষাগৃহগুলো। প্রতিবছরের মতো এবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড তারকারা।ঈদ মানেই যেন মেগাস্টার শাকিব খান-এর রাজত্ব। এবারও ঈদে তিনি হাজির হচ্ছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। রকস্টারের ব্যক্তিগত জীবন, উত্থান-পতন ও আবেগঘন গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। ইতোমধ্যে এর মিউজিক্যাল টিজার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েতসহ অনেকে। পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।এবার ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এতে মায়ের সম্মান ও অধিকার আদায়ের গল্পের পাশাপাশি দেখা যাবে এক তরুণের অপরাধ জগতে উত্থানের কাহিনি। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্ন ও মারকাটারি চরিত্রে।সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’। নানা জটিলতার কারণে পূর্বে মুক্তি না পেলেও এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।অন্যদিকে জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার নাম অবলম্বনে নির্মিত ‘বনলতা সেন’ নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার, মাসুমা রহমান নাবিলা ও আরও অনেকে।বিতর্কের পর অবশেষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। থ্রিলার, অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে অভিনয় করেছেন পূজা চেরী, রাসেল রানা ও সৈয়দা তিথি। সব মিলিয়ে ঈদুল আজহা ঘিরে ঢালিউডে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, আর দর্শকদের জন্য থাকছে তারকাখচিত সিনেমার দারুণ এক ভোজ।

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে নতুন সিনেমার মহোৎসব