সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

কুবিতে সায়েন্স ক্লাবের নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সাফায়াত হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠিত বিজ্ঞান কর্মশালায় বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং বিজ্ঞানভিত্তিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই নবীনবরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি তোমাদের নতুন এক যাত্রার সূচনা। বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা নয়, বরং প্রশ্ন করা, নতুন কিছু শেখা, উদ্ভাবন করা এবং সমাজের কল্যাণে সেই জ্ঞানকে কাজে লাগানো।'তিনি আরও বলেন, আমরা চাই, তোমরা প্রত্যেকে সায়েন্স ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, নিজেদের দক্ষতা বিকাশ করবে এবং একসঙ্গে একটি বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী ক্যাম্পাস গড়ে তুলবে। সায়েন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম। সেমিনার, কর্মশালা, বিজ্ঞান উৎসব, কুইজ, অলিম্পিয়াড ও গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে কাজ করে। বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি, গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং বাস্তব সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সায়েন্স ক্লাব নিয়মিত বিভিন্ন আয়োজন করে।'কুবি সায়েন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রিফাতুল ইসলাম মারুফ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের একটি ঐতিহ্য হলো নবীন সদস্যদের বরণ করে নেওয়া। এ আয়োজনের মাধ্যমে আমরা নতুন সদস্যদের ক্লাবের নিয়মিত কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দিই। একই সঙ্গে তাদের সায়েন্স ক্লাব পরিবারের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই।বিজ্ঞান কর্মশালা সম্পর্কে তিনি বলেন, সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিজ্ঞানকে সহজ ও সাবলীলভাবে অনুধাবন ও উপস্থাপনের জন্য কাজ করে। এরই অংশ হিসেবে সদস্যদের দক্ষ করে তুলতে আমরা নিয়মিত বিজ্ঞান কর্মশালার আয়োজন করি। আজকের কর্মশালাতেও নতুন সদস্যদের বিজ্ঞানচিন্তা, গবেষণা এবং বিজ্ঞানভিত্তিক ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

কুবিতে সায়েন্স ক্লাবের নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত