‘মামলা কেন হয়নি?’ এই প্রশ্নটা আপনাকে আমি করার কথা: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমানের পাল্টা প্রশ্ন
নিজের স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। তিনি প্রশ্ন তুলেছেন, ঘটনার পর মামলা কেন হয়নি এই প্রশ্ন তার কাছেই থাকার কথা ছিল।রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিও বক্তব্যে সালমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তার দাবি, স্টুডিও ভাঙচুরের পর তিনি দীর্ঘ সময় থানায় অবস্থান করলেও নির্ধারিত সময় পর্যন্ত মামলা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সালমান বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সমন্বিত তথ্য থাকার কথা। মামলা হয়নি এমন তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আসায় তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।তিনি আরও বলেন, ঘটনার পর তিনি দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে এবং ক্লাসে বা কাজে যেতে চান। তবে নিজের ক্ষয়ক্ষতির চেয়ে দেশের সাধারণ মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির প্রসঙ্গ কেন এসেছে এ নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সালমান। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় তদন্ত করে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। জমি দখল, চাঁদাবাজি বা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার যেসব দাবি সামনে এসেছে, সেগুলোর তদন্ত প্রয়োজন বলেও তিনি ইঙ্গিত দেন।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সালমান মুক্তাদির এ ঘটনায় ভুক্তভোগী এবং ঘটনার আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে দখল-বেদখলের ঘটনায় ভাঙচুর হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। পুলিশও জানিয়েছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ জানিয়েছে।
সালমান তার বক্তব্যে বলেন, তিনি কোনো ক্ষতিপূরণ বা ব্যক্তিগত সুবিধা চান না। বরং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। স্টুডিওর সিসিটিভি ও বিভিন্ন ব্যক্তির ধারণ করা ভিডিও ফুটেজ তদন্তে সহায়ক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।