সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

চিফ হুইপ–কোস্ট গার্ড ডিজির বৈঠক, সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্ব

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি)। বৈঠকে দেশের সামুদ্রিক নিরাপত্তা, জেলেদের কল্যাণ, মৎস্যসম্পদ সংরক্ষণ, সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধ, তথ্যপ্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্লু ইকোনমির সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।বৈঠকে আন্তর্জাতিক যুদ্ধ, সংঘাত বা নাশকতাজনিত কারণে বাংলাদেশের সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার মতো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়েও মতবিনিময় হয়। এ সময় জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা এবং সামুদ্রিক সম্পদের সুরক্ষায় সমুদ্রের কৌশলগত গুরুত্ব তুলে ধরা হয়।জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে মাছ ধরার নৌকায় রঙভিত্তিক (কালার কোড) পরিচিতি ব্যবস্থা চালুর প্রস্তাব এবং জেলেদের অবস্থান শনাক্ত ও জরুরি সহায়তা নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকার ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।চিফ হুইপ নূরুল ইসলাম মণি দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, জেলেদের নিরাপত্তা ও কল্যাণে বাহিনী নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সংযোজন করা হলে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, জরুরি সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও বাড়বে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন চিফ হুইপ।বৈঠকে সমুদ্রে মৎস্য আহরণ, মৎস্যসম্পদের সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা, সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি এবং মৎস্য অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া অনলাইনে ভুয়া সংবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

চিফ হুইপ–কোস্ট গার্ড ডিজির বৈঠক, সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্ব