কালবৈশাখীর আগুনে পুড়ে সর্বস্বান্ত সেরাজুল, সহায়তার আবেদন
রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল পুড়ে সর্বস্বান্ত হয়েছেন সেরাজুল ইসলাম।বুধবার (৬ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, কালবৈশাখী ঝড়ের সময় বৈদ্যুতিক তারে বজ্রপাত হলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাইকান ব্যাংকপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সেরাজুল ইসলামের বাড়িতে।আগুনে ঘরে মজুত থাকা তামাক, গোলায় রাখা ধান, দুটি টিনের ঘর, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত সেরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। বজ্রপাতের পর বিদ্যুতের তারে আগুন ধরে যায়। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। এখন স্ত্রী-সন্তান নিয়ে পথে বসেছি।”গংগাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। আলমবিদিতর ইউনিয়নের প্রশাসককে সঙ্গে নিয়ে পরিবারটিকে এক বান টিন ও শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।আগুনে সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তায় দিন কাটছে সেরাজুল ইসলামের পরিবারের। বসতভিটা ও জীবিকার প্রধান সম্বল হারিয়ে সন্তানদের লেখাপড়া এবং দৈনন্দিন জীবনযাপন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
নতুন করে ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।