শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে? সুনামগঞ্জ সমাজসেবার ডিডির বিরুদ্ধে অভিযোগ

সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস চন্দ্র দাসের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি দাপ্তরিক কাজের বাইরে পারিবারিক বিভিন্ন প্রয়োজনে সরকারি যানবাহন ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ছুটি ছাড়াই পরিবারের সঙ্গে সিলেটে অবস্থান করছেন এবং সরকারি গাড়িটিও সেখানে রেখে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। সপ্তাহের অধিকাংশ সময় সরকারি গাড়িতে সিলেটে যাতায়াতের পাশাপাশি রাতে গাড়িটি সিলেট সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ফাউন্ডেশনের গ্যারেজে রাখা হতো। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে গাড়ি অন্যত্র রাখা শুরু হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া সরকারি গাড়িতে সন্তানদের কোচিংয়ে আনা-নেওয়া, পারিবারিক বিভিন্ন প্রয়োজনে যাতায়াত এবং সম্প্রতি জাফলং ও মৌলভীবাজারের পর্যটন এলাকায় ভ্রমণের অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব ব্যবহারের ফলে সরকারি জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় অপ্রয়োজনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।অভিযোগে আরও বলা হয়, গত রোববার অফিস শেষে তিনি সরকারি গাড়ি নিয়ে সিলেটে যান। পরদিন সোমবার অফিসে উপস্থিত না থেকে ব্যক্তিগত কাজ শেষে সরকারি একটি সভায় অংশ নেন এবং পরদিন সকালে সুনামগঞ্জে ফিরে আসেন।সরকারি কর্মচারীদের প্রচলিত বিধিমালা অনুযায়ী, সরকারি যানবাহন কেবল দাপ্তরিক কাজে ব্যবহারের অনুমতি রয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহার সরকারি সম্পদের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়।তবে উপপরিচালক নিবাস চন্দ্র দাস এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের কাছে আমি কৈফিয়ত দিতে প্রস্তুত নই।এ বিষয়ে সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ সত্য হলে তা অনৈতিক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যসহ প্রকাশ করা হয়েছে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত হিসেবে বিবেচিত নয়।

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে? সুনামগঞ্জ সমাজসেবার ডিডির বিরুদ্ধে অভিযোগ