ভূমিহীন সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত, উন্নয়ন পরিকল্পনায় নতুন সিদ্ধান্ত
উপজেলা পাড়া ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সদস্যবৃন্দ, পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।সমিতির সভাপতি গাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সমবায় অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সমবায় প্রতিষ্ঠান সদস্যদের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উপজেলা পাড়া ভূমিহীন সমবায় সমিতির কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।সভায় সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সদস্য সংখ্যা বৃদ্ধি, সঞ্চয় কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সদস্যদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই সমিতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে সদস্যদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।কোষাধ্যক্ষ ইকবাল হোসাইন আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, সমিতির আর্থিক কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং সদস্যদের সঞ্চয় ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করছে।এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য মাহাবুব কামাল, ফারুক সুমন এবং সহ-সভাপতি দানু মিয়া। বক্তারা সমবায়ের শক্তি হিসেবে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থানমুখী প্রকল্প গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং ভূমিহীন পরিবারের জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের সুখ-সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।