সিলেটে নেমেই এমপিদের প্রশ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের: আজ সংসদ নাই?
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে মন্তব্য করেন তারেক রহমান।বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।বিমানবন্দরে সিলেট ও হবিগঞ্জ অঞ্চলের সংসদ সদস্যদের উপস্থিতি দেখে তিনি মন্তব্য করেন আজকে সংসদ নাই? সংসদে যান। একই সঙ্গে তিনি সংসদীয় কাজে সক্রিয় থাকার নির্দেশ দেন বলে জানা যায়।পরে বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হন তিনি। পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে চা শ্রমিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে ও গাড়ির ওপর ফুল ছিটিয়ে তারা স্বাগত জানান।
চৌকিদেখি ছাড়াও নগরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পাশাপাশি সাধারণ মানুষও সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনি গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।