সন্তানদের নামে ইউনিয়ন? বগুড়ায় প্রতিমন্ত্রীর ব্যাখ্যা ঘিরে তুমুল বিতর্ক
বগুড়ার মোকামতলায় নবগঠিত তিনটি ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে সংসদে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় গঠিত দুটি ইউনিয়নের নাম তার দুই সন্তানের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা ওঠে।সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে বিরোধী দল বিষয়টি উত্থাপন করে অভিযোগ করে যে, দুটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর সন্তানদের নামে এবং একটি ইউনিয়নের নাম তার পৈত্রিক এলাকার সঙ্গে সম্পর্কিত।বিরোধীদের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়নের নাম স্থানীয় প্রশাসন গণশুনানি ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্ধারণ করেছে। তার দাবি, এটি কাকতালীয়ভাবে তার সন্তানদের নামের সঙ্গে মিলেছে।তিনি আরও জানান, সীমান্ত ও দিগন্ত নামে দুটি ইউনিয়ন ভৌগোলিক অবস্থান ও সীমান্তবর্তী এলাকার বৈশিষ্ট্যের ভিত্তিতে নামকরণ করা হয়েছে।সংসদে তিনি সমালোচনার জবাবে আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ও দিগন্ত নামে বহু স্থাপনা রয়েছে, যা সম্পূর্ণ সাধারণ নাম।
তবে বিরোধী দল বিষয়টি স্বার্থসংশ্লিষ্টতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানায়।