মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের রিট খারিজ, বহাল তপশিল

জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিধান সংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে।এই বিধান অনুসরণ করেই নির্বাচন কমিশন গত ৬ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে। উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। পরে হাইকোর্টের একক বেঞ্চ সেই রিট খারিজ করে দেন।

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের রিট খারিজ, বহাল তপশিল