বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় এক গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বর্নি গ্রামের রানা মুন্সি ও তাঁর চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে পৈত্রিক বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে রানা মুন্সি ও তাঁর সমর্থকেরা বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে ওবায়েদ মুন্সি পক্ষ এতে বাধা দেয়।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।আহতদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০