শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় বাড়ি নির্মাণ ঘিরে সংঘর্ষ, গুরুতর আহত ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলিম তালুকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্র ও অভিযোগপত্র অনুযায়ী, সম্প্রতি নিজ গ্রামে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন লাবনী আক্তার। তার অভিযোগ, বাড়ির নির্মাণকাজ শুরুর পর থেকেই কয়েকজন প্রতিবেশী তার কাছে অর্থ দাবি করে আসছিলেন।অভিযোগে বলা হয়, গত ১৭ জুন বিকেলে ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে কয়েকজন তার পথরোধ করে অর্থ দাবি করেন। তিনি এতে রাজি না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করা হয়েছে।লাবনী আক্তারের চিৎকার শুনে তার ভাই আলিম তালুকদার ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের আরও কয়েকজন সদস্যকে মারধর করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।আহত আলিম তালুকদার জানান, বোনের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে আক্রমণ করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।তবে অভিযুক্তদের একজন দেলোয়ার হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এটি চাঁদাবাজির ঘটনা নয়; বরং পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খালেক জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়ায় বাড়ি নির্মাণ ঘিরে সংঘর্ষ, গুরুতর আহত ১