বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

শ্রম অধিকার নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বৈঠক

বাংলাদেশে শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে সংস্থাটির দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের নিরাপত্তা এবং শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।এ ছাড়া শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।মতবিনিময়ে শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায্য পরিবেশ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে আইএলওর লক্ষ্য ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়েও উভয় পক্ষ আলোচনা করে।সভায় ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মতবিনিময় পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি শক্তিশালী করবে।আইএলও ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার সুরক্ষা, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

শ্রম অধিকার নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বৈঠক