চেন্নাইয়ে মারা গেলেন কারিনা কায়সার, ক্ষমা চাইলেন কায়সার হামিদ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে।মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।এছাড়া সবার কাছে মেয়ের জন্য ক্ষমা ও দোয়া চেয়ে তিনি বলেন, আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।পরিবার সূত্র জানায়, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয় তাকে। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা তার ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন কারিনা কায়সার।