এসএসসিতে শূন্য পাস: ৩১২ স্কুলের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে কারণ দর্শানোর জবাব চাওয়া হয়েছে।আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ ফেল করা ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের প্রধানকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে।শিক্ষা বোর্ড জানিয়েছে, তিন ধাপে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে প্রথমবার শতভাগ অকৃতকার্য হয়েছে, দ্বিতীয়বার একই ফল করেছে এবং তৃতীয়বারও শূন্য পাসের ঘটনা ঘটেছে প্রতিটি ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে।প্রতিষ্ঠানপ্রধানদের জবাব সন্তোষজনক না হলে শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষ করে তৃতীয়বার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করা হবে।আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রথমবার ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে পরপর তিনবার কোনো প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, একটি প্রতিষ্ঠান যদি পরপর তিনবার জিরো পার্সেন্ট ফল করে, তাহলে শিক্ষাক্ষেত্রে তাদের অবদান নিয়ে প্রশ্ন থাকে। এমন প্রতিষ্ঠান সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।তবে ৩১২ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও বা বেতন সরাসরি বন্ধ করা হচ্ছে না বলেও জানান তিনি।গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।
এবার মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।