শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, নদীতে উদ্ধার অভিযান

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা হন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় শিশুটি।ঘটনার পর বোটে থাকা পর্যটক ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।হাউসবোটের পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা সবাই তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেন।খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে নদীতে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, নদীতে উদ্ধার অভিযান