রামপালকে শিশুশ্রম-বাল্যবিবাহমুক্ত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
বাগেরহাটের রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়া বা ড্রপআউটমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ আগস্ট) রামপাল মডেল মসজিদের হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এডিপিসিও-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তামান্না ফেরদৌসী বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, সঠিক তথ্যনির্ভর ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।সভায় বক্তারা সামাজিক প্রতিরোধ জোরদার, মাঠপর্যায়ে তথ্যপ্রবাহ বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় পর্বে স্থানীয় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়ার ক্ষেত্রে স্থানীয় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা জানান। এসব সমস্যা সমাধানে তারা বেশ কিছু গঠনমূলক পরামর্শও দেন।আয়োজকরা জানান, সাংবাদিকদের দেওয়া এসব পরামর্শ ভবিষ্যতে কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নে সহায়ক হবে।সভায় উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রামপালকে দ্রুত শিশুবান্ধব, নিরাপদ ও টেকসই একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।