শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ফেরাতে কাজ করছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিগত সময়ে দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার সঙ্গে যুক্ত করতে সরকার কাজ করছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’-এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শুদ্ধ সাংস্কৃতিক জাগরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে ‘শিশুবিচিত্রা’ প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের ডিভাইস ও পর্দানির্ভরতা কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের শিশুতোষ সাময়িকী ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, শিশুদের বই ও সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে যুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশু বিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম।আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘শিশুবিচিত্রা’র সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. কবি তপন বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজসহ অনেকে।

দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ফেরাতে কাজ করছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী