২৪ ঘণ্টা ধরে নিখোঁজ শিবির নেতা জিসান প্রধান, জামায়াত আমিরের উদ্বেগ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। গত ১১ জুন বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দি আসার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পারিবারিক সূত্র জানায়, এশার নামাজ শেষে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জিসানের। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে পৌঁছাননি। রাত ৮টা ২৯ মিনিটে তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ অনলাইন দেখা গেলেও এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ এবং ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট পাওয়া যায়।পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপর থেকেই পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
শিবির নেতাদের দাবি, একটি চক্র জিসানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে এবং সংশ্লিষ্ট নম্বর এখনো সক্রিয় রয়েছে। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা প্রযুক্তিগত সহায়তায় তদন্ত চালাচ্ছে এবং দ্রুতই তাকে উদ্ধার করার আশা করছে।